কাতারে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কাতারে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাতার প্রবাসী : আবুল কালাম ফয়সাল। বাংলাদেশের ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতার শাখা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারের রাজধানী দোহার আমান উল্লাহ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাতার আল জুবারা থানা বিএনপির সভাপতি সোহাগ জোয়ার্দার। পরে উপস্থিত নেতাকর্মীরা সম্মিলিত কণ্ঠে দলীয় সংগীত পরিবেশন করেন।কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদের সভাপতিত্বে এবং কে. এম. পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক বাবু খান।এ ছাড়া বক্তব্য দেন কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদের উপদেষ্টা সোহেল খান, ফয়সাল আহম্মেদ, আব্দুল আউয়াল, আসাদ শিকদার ও সেলিম খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ পারভেজ, রাজনগর জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আতিক আসলাম এবং আল থুমামা থানা বিএনপির সভাপতি সাজিদুল রাসেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ দিনের ঘটনাপ্রবাহ পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের ইতিহাসের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম গভীরভাবে জড়িত। তাঁর নেতৃত্ব, রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী চেতনা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।সভায় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্যের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে প্রবাসে অবস্থান করেও দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা সভায় কাতার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।