বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদসংবাদ দাতা আমির হোসেন, সুনামগঞ্জ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। এ আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদের নাম।দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় আবুল কালাম আজাদ তৃণমূল পর্যায়ে পরিচিত মুখ। রাজনৈতিক জীবনে তিনি বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ পথচলা স্থানীয় রাজনীতিতে তাঁকে পরিচিতি এনে দিয়েছে।রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নেও ভূমিকা রেখে চলেছেন তিনি। বর্তমানে ঐতিহ্যবাহী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল কালাম আজাদ। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়দের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্থানীয়দের অনেকে মনে করছেন, মানুষের পাশে থাকার মানসিকতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ আলোচনায় রয়েছেন। ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিতে নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন অনেক ভোটার। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় বিবেচনার ওপর নির্ভর করবে। এ বিষয়ে আবুল কালাম আজাদ জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। নির্বাচিত হলে বাদাঘাট ইউনিয়নকে আধুনিক, উন্নয়নমুখী ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।