ফেনীতে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত, উদ্বিগ্ন সাধারণ মানুষ
ফেনীতে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত, উদ্বিগ্ন সাধারণ মানুষ। ফেনী শহরের বিভিন্ন অলিগলি স্কুল-মাদ্রাসার আশপাশ ও গুরুত্বপূর্ণ সড়কে দিন দিন কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। সংঘবদ্ধভাবে চলাফেরা করা এসব কিশোরের নানা অপকর্মে জড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ রয়েছে, কিছু রাজনৈতিক নেতার আশ্রয়-প্রশ্রয়ে এসব কিশোর সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক ছত্রছায়ার কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ।বিশেষ করে স্কুল ও মাদ্রাসা ছুটির সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং আশপাশের সড়কে কিশোরদের আড্ডা ও উৎপাতের কারণে শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। অল্পবয়সী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়দের দাবি, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
সচেতন মহলের আশঙ্কা, সময়মতো এসব সংঘবদ্ধ কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তারা আরও বড় ধরনের অপরাধ ও সামাজিক বিশৃঙ্খলায় জড়িয়ে পড়তে পারে। তাই কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার কারণ চিহ্নিত করে আইনগত ব্যবস্থার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা ।