কক্সবাজারের ইনানীতে নলকূপ খননকালে গ্যাসের আ/গুন, ২৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি
কক্সবাজারের ইনানীতে নলকূপ খননকালে গ্যাসের আগুন, ২৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে সৃষ্ট আগুন ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ আগুন বুধবার (২৮ অক্টোবর) সকালেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে ফায়ার সার্ভিস ও বাপেক্সের বিশেষজ্ঞ দল।স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী ছোট ব্রিজসংলগ্ন এলাকায় একটি বসতভিটায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার দিকে খননকাজের একপর্যায়ে মাটির নিচ থেকে গ্যাস বেরিয়ে আসে। পরে ওই গ্যাসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।আগুনের তীব্রতা ও ভূগর্ভ থেকে গ্যাসের নির্গমন অব্যাহত থাকায় এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, প্রায় এক হাজার ফুট গভীরে খননকাজের সময় গ্যাসের স্তরের কাছাকাছি পৌঁছানোর কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে গ্যাসের প্রকৃতি ও উপাদান পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের ২০০ মিটার এলাকায় জনসমাগম না করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগুনের ঝুঁকি বিবেচনায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
বাপেক্সের বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভ থেকে গ্যাসের নির্গমন বন্ধ করতে জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হলে অন্য কোনো দুর্বল স্থান দিয়ে গ্যাস বেরিয়ে আসার ঝুঁকি তৈরি হতে পারে। তাই সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে বুধবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। গ্যাসের মজুত, প্রকৃতি ও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।