নওগাঁয় গ্যারেজে দু/র্ধ/র্ষ ডা/কা/তি,গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রে/প্তা/র করল ডিবি
নওগাঁয় গ্যারেজে ডাকাতি, গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করল ডিবিনওগাঁ প্রতিনিধি : রিমন আহমেদনওগাঁ সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে নওগাঁ সদর থানার চাকলা জুলুর মোড়ে ফাত্তা ইসলামের অটোরিকশার গ্যারেজে হানা দেয়। এ সময় ডাকাতরা গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গ্যারেজে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশনা দেন। তদন্তের ধারাবাহিকতায় এর আগে শাহজাহান নামে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে পুলিশ।এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে গাইবান্ধার সাঘাটা থানা এলাকা থেকে ভোররাতে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। একই অভিযানে সাঘাটা থানার গাছবাড়ি গ্রামের আমিনুর (৪৫)-কেও তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, আমিনুরের বাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি হেক্সা ব্লেড, একটি চাইনিজ কাটার, একটি ধারালো রামদা, দুটি ধারালো ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত রশি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।