ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকে ১০ টন ভারতীয় জিরা, আটক ৩
সরাইলে ট্রাকে ১০ টন ভারতীয় জিরা, আটক ৩আব্দুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা পরিবহনের সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব। বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ) সকালে উপজেলার শাহবাজপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ট্রাকটি থেকে প্রায় ১০ টন জিরা জব্দ করা হয়।বিজিবি ও র্যাব সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শাহবাজপুর এলাকায় সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়। পরে এসব জিরা জব্দ করে এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন সিলেটের দক্ষিণ সুরমার মো. এম ফয়সাল আবীর, রাজশাহীর এয়ারপোর্ট এলাকার আজিজুল হাকিম ও হাবিবুর রহমান।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে জব্দ করা জিরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন সীমান্তপথ দিয়ে এসব পণ্য দেশে প্রবেশ করেছে, কোথা থেকে ট্রাকে তোলা হয়েছিল এবং এর গন্তব্য কোথায় ছিল এসব বিষয়ে তদন্ত চলছে ।একটি ট্রাকে প্রায় ১০ টন জিরার চালান পাওয়ায় এর সঙ্গে বড় কোনো চোরাচালান চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা জিরা ও পরিবহনে ব্যবহৃত ট্রাকটি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।