ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবার জাতীয় গ্রিডে

রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবার জাতীয় গ্রিডে, বাণিজ্যিক উৎপাদনে অপেক্ষা আরও কয়েক মাসদীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে অবশেষে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটির টারবাইন, জেনারেটর, বৈদ্যুতিক সরঞ্জাম এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় টানা ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে দ্বিতীয় দফার কারিগরি পরীক্ষা চালানো হবে।প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া মানেই বাণিজ্যিক উৎপাদন শুরু নয়। প্রতিটি পর্যায়ে রিঅ্যাক্টর, টারবাইন, জেনারেটর, শীতলীকরণ ব্যবস্থা, নিয়ন্ত্রণব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তার কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর পুনরায় পরীক্ষামূলক পরিচালনা ও বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় কেন্দ্রটির উৎপাদনক্ষমতা, যন্ত্রপাতির কার্যকারিতা, নিরাপত্তাব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় পর্যায়ক্রমে যাচাই করা হবে। ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মাণাধীন এ মেগা প্রকল্পের বর্তমান ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।এদিকে, পরীক্ষামূলক উৎপাদন শুরু হলেও সাধারণ গ্রাহকরা কবে থেকে এ কেন্দ্রের বিদ্যুৎ পাবেন, তা এখনো নিশ্চিত নয়। বিদ্যুৎকেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে আরও কয়েক মাসের পরীক্ষা-নিরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের ক্রয়মূল্যও এখনো চূড়ান্ত করা হয়নি। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, সব ধরনের কারিগরি পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎস বৈচিত্র্যকরণ, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবার জাতীয় গ্রিডে