ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

ঢাকায় যাওয়ার পথে সাংবাদিক আলম পলাশের গাড়িতে ডাকাতের হামলা

ঢাকায় যাওয়ার পথে সাংবাদিক আলম পলাশের গাড়িতে ডাকাতের হামলা। চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে ডাকাত দলের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গালিমখাঁ এলাকায় শ্রীরায়ের চর ব্রিজের কাছাকাছি এ ঘটনা ঘটে। এ সময় তাঁর বহনকারী প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে যায়।আলম পলাশ প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে চাঁদপুরের বাবুরহাট থেকে একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মতলব উত্তর উপজেলার গালিমখাঁ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটির সামনে ইট ছুড়ে মারে। এতে গাড়ির সামনের গ্লাস চুরমার হয়ে যায়। এ সময় গাড়ির সামনের যাত্রীর আসনে বসা আলম পলাশ শরীরের বিভিন্ন স্থানে কাচের আঘাত পান।ঘটনার বিবরণ দিয়ে আলম পলাশ জানান, গাড়িতে তিনি ছাড়াও দুই নারী ও একজন প্রবাসী ছিলেন। চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তাঁরা। তবে হামলায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে সাংবাদিকের গাড়িতে এমন হামলার ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফরসহ সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঢাকায় যাওয়ার পথে সাংবাদিক আলম পলাশের গাড়িতে ডাকাতের হামলা