নওগাঁয় বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ১
নওগাঁয় বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ১ নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় বয়লার বিস্ফোরণে খালেক আলী (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় খায়রুল হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে হাঁপানিয়া এলাকার ইচারাত হাজি বয়লারে এ দুর্ঘটনা ঘটে।নিহত খালেক আলী হাঁপানিয়া গোয়ালপাড়া গ্রামের মদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে বয়লারের চৌকিতে জ্বালানি দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা খালেক আলী ও খায়রুল হোসেন গুরুতর আহত হন।বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় খালেক আলীর মৃত্যু হয়। আহত খায়রুল হোসেনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বয়লারটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নিয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান বয়লার বিস্ফোরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।