নাটোরের সিংড়ায় অভিযানে ২৬১ বস্তা সার জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা
সিংড়ায় অভিযানে ২৬১ বস্তা সার জব্দ, ৮০ হাজার টাকা জরিমানামো. ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিনাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীর কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে সার মজুত ও উচ্চ মূল্যে বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আন্জুমের নেতৃত্বে বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ব্যবসায়ী সোহেলের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয় এবং তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অন্যদিকে, আবুল হাসেমের দোকান থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মোবারকের কাছ থেকে সর্বোচ্চ ১৪৭ বস্তা সার জব্দ করা হয়। তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযানে অবৈধভাবে সার মজুত ও উচ্চ মূল্যে বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়।প্রশাসনের এ অভিযানে মোট ২৬১ বস্তা সার জব্দ এবং চার ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়ায় অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে।স্থানীয়রা জানান, সার নিয়ে অনিয়ম, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে বড়গ্রাম বাজারের পাশাপাশি সিংড়া উপজেলার অন্যান্য ইউনিয়নেও নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে অবৈধ মজুতের প্রবণতা কমার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।
কৃষি মৌসুমে সারের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এমন প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।