কিছুক্ষণের মধ্যে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
স্বামীর জানাজায় অংশ নিতে কিছুক্ষণের মধ্যে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ।বুধবার ( ১৯ আগস্ট ) সাংবাদিকদের এ তথ্য জানান দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, চার দিনের প্যারোলের জন্য আবেদন জানানো হলেও জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোলের অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে। আইনজীবী জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর কলাবাগানের বাসায় ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ নেওয়া হবে। সেখানে দীপু মনি তার স্বামীর মরদেহ দেখবেন। এরপর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে ।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। পরে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন দীপু মনির বড় ভাই জে আর ওয়ায়েদ টিপু। তার ভাষ্য অনুযায়ী, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়।২০১৯ সালে স্ট্রোক করেছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।