ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

তারেক রহমানের ফেনী সফর ফুলগাজীতে প্রস্তুতি পরিদর্শন, শেষ মুহূর্তের ব্যস্ততা

তারেক রহমানের ফেনী সফর: ফুলগাজীতে প্রস্তুতি পরিদর্শন, শেষ মুহূর্তের ব্যস্ততা। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর কর্মসূচির বিভিন্ন ভেন্যু, সড়ক, সভাস্থল ও আশপাশের এলাকার প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করছেন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ফুলগাজীর বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করা হয়। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা সফরস্থলগুলোর প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করেছেন। স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ রাজনৈতিক নেতাকর্মীরাও সফরকে ঘিরে প্রস্তুতি কার্যক্রমে যুক্ত রয়েছেন।প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ১ অক্টোবর সকালে সড়কপথে ফেনীর পরশুরামে পৌঁছাবেন তিনি। সেখানে খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পটির ব্যয় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।পরে প্রধানমন্ত্রী ফুলগাজীতে যাবেন। সেখানে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠসহ গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত কাজ চলছে। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগ ফেনী-পরশুরাম সড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ করছে।নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। সফরস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট এই তিনটি নিরাপত্তা জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের কথা জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি এসএসএফ, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।এর আগে ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী ফেনীর পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন ভেন্যুর প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন। এছাড়া ২৮ সেপ্টেম্বর পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং ২৯ সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও সফরস্থল পরিদর্শন করে প্রস্তুতির খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পরশুরাম ও ফুলগাজীর সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে মুহুরী-কহুয়া প্রকল্পের বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে ফেনীর যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও জনসেবার উন্নয়ন নিয়েও প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয়রা।

তারেক রহমানের ফেনী সফর ফুলগাজীতে প্রস্তুতি পরিদর্শন, শেষ মুহূর্তের ব্যস্ততা