ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বি এস নিউজ24

দেশে ফেরার অপেক্ষায়, রিয়াদে গাড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল প্রবাসী শামীম রেজার

দেশে ফেরার অপেক্ষায়, রিয়াদে গাড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল প্রবাসী শামীম রেজার। প্রবাসে দীর্ঘ কর্মজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন শামীম রেজা। ফাইনাল এক্সিটের প্রক্রিয়া সম্পন্ন করে টিকিট কাটার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু স্বজনদের কাছে ফেরার আগেই রিয়াদের এক্সিট-২২ এলাকায় গাড়িতে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এই বাংলাদেশি প্রবাসী।সৌদি আরবের রাজধানী রিয়াদে গাড়িতে অগ্নিকাণ্ডে মো. শামীম রেজা নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১৭ অক্টোবর শনিবার রিয়াদের এক্সিট-২২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নেওয়া শামীম রেজার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শামীম রেজার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসি এলাকার চকখাদুলি গ্রামে। তিনি মো. নিজাম উদ্দিন প্রামাণিকের ছেলে। সৌদি আরবে দীর্ঘদিন কর্মজীবন শেষে স্থায়ীভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইনাল এক্সিটের প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। শুধু বিমানের টিকিট কাটাই বাকি ছিল।স্বজনদের বরাতে জানা গেছে, রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনার কারণে তিনি তখন টিকিট কাটতে পারেননি। বিমানবন্দর স্বাভাবিকভাবে চালু হলে টিকিট কেটে দেশে ফিরবেন এমন পরিকল্পনা করেছিলেন শামীম রেজা। কিন্তু সেই অপেক্ষার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। গত শনিবার এক্সিট-২২ এলাকায় তাঁর ব্যবহৃত কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনি গাড়ির ভেতরে আটকা পড়েন এবং আগুনে পুড়ে প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় সিমুচি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ছিল বলে জানা গেছে। এদিকে সৌদি আরবে অবস্থানরত তাঁর ছোট ভাই নুরুল ইসলাম মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তবে গাড়িতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দেশে ফেরার অপেক্ষায়, রিয়াদে গাড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল প্রবাসী শামীম রেজার