ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

ফেনীর জেনারেল হাসপাতালের সমস্যা সমাধানে এমপিদের আশ্বাস

ফেনী জেনারেল হাসপাতালের সমস্যা সমাধানে এমপিদের আশ্বাস। ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক, নার্স, রোগী ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। এ সময় ফেনীর আরও তিন সংসদ সদস্যসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির ঘাটতি, অতিরিক্ত রোগীর চাপ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসাসেবার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫০ শয্যার হাসপাতাল হলেও অনেক সময় এখানে ৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকেন। ফলে সীমিত জনবল ও অবকাঠামো দিয়ে অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।এ সময় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ২৫০ শয্যার হাসপাতালের জন্য নির্ধারিত জনবল কাঠামোর বিপরীতে বর্তমানে কতজন কর্মরত আছেন এবং কতজনের ঘাটতি রয়েছে, তার বিস্তারিত তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ফেনীর চার সংসদ সদস্য একসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন বলে জানান তিনি।হাসপাতালের যন্ত্রপাতি ও অন্যান্য অবকাঠামোগত সংকট নিয়েও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। মন্ত্রী বলেন, রোগীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।মতবিনিময় সভায় ফেনী জেনারেল হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল কলেজে রূপান্তরের বিষয়টিও আলোচনায় আসে। মন্ত্রী জানান, শুধু ৫০০ শয্যায় উন্নীত করার পরিবর্তে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টিকে সামনে রেখে কাজ করার লক্ষ্য রয়েছে। তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সময় প্রয়োজন হবে। আপাতত হাসপাতালের বিদ্যমান জনবল, যন্ত্রপাতি ও চিকিৎসাসেবা সংকট সমাধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়কালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। এছাড়া জেলা প্রশাসক মাহবুবুল করিম, জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান এবং ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোবারক হোসেন দুলাল উপস্থিত ছিলেন।হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও কথা বলেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ‘লস অ্যান্ড ড্যামেজ’ ইস্যুতে আসন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশ জোরালোভাবে দাবি তুলে ধরবে। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে দীর্ঘদিন ধরে থাকা বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনার পর মন্ত্রী ও সংসদ সদস্যরা সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির বিস্তারিত তথ্য পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।

ফেনীর জেনারেল হাসপাতালের সমস্যা সমাধানে এমপিদের আশ্বাস