ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেত্রী চুমকি আক্তারকে শোকজ

সাংবাদিকদের নিয়ে ফেসবুক লাইভে বক্তব্য, ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেত্রী চুমকি আক্তারকে শোকজ। ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক চুমকি আক্তারকে সাংবাদিকদের নিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ফেনী জেলা ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষর করা দলীয় প্যাডে চুমকি আক্তারকে এ নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানান, সাংবাদিকদের নিয়ে চুমকি আক্তারের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্য এবং পরবর্তীতে সাংবাদিকদের করা সাধারণ ডায়েরির বিষয়টি জানার পর তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।এর আগে গত ২৩ সেপ্টেম্বর চুমকি আক্তারের বিরুদ্ধে ফেনী মডেল থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্থানীয় চার গণমাধ্যমকর্মী। জিডি করা সাংবাদিকদের মধ্যে রয়েছেন সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান, এনটিভি অনলাইনের ফেনী প্রতিনিধি জাহিদুল আলম রাজন, ৭১ টিভির ফেনী ব্যুরোর ফটোসাংবাদিক আবদুল আল নোমান এবং সাপ্তাহিক ফেনী সমাচারের স্টাফ রিপোর্টার কাওছার আহমেদ।জিডিতে সাংবাদিকরা অভিযোগ করেন, চুমকি আক্তার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে তাদের নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। তার বক্তব্যে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও হেনস্তার অভিযোগের পাশাপাশি তার পাঁচ বছর বয়সী সন্তানকে অপহরণের অভিযোগ, মামলা এবং তিনি আত্মহত্যা করলে সংশ্লিষ্ট সাংবাদিকদের দায়ী করার মতো বক্তব্যও ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।এ বিষয়ে চুমকি আক্তার গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ফেনী জেলা মহিলা দলের নেত্রীদের কাছেও ক্ষমা চেয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অন্যদিকে জিডি করা সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনের সূত্রে চুমকি আক্তারের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে তারা আইনি নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করেন।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সাংবাদিকদের করা চারটি জিডি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।এদিকে সাংবাদিকদের নিয়ে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখতে চুমকি আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে তার লিখিত ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেত্রী চুমকি আক্তারকে শোকজ