ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

ফেনী সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায়

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। সোমবার (২৪ আগস্ট) ঘোষিত রায়ে ১৬ আসামির মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এছাড়া চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীম।মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন নুর উদ্দিন, সাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের এবং উম্মে সুলতানা পপি ওরফে তুহিন।অন্যদিকে খালাস পেয়েছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, কামরুন নাহার মণি, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের ফলে নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির সাজায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এর মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল থাকলেও চারজন পেয়েছেন যাবজ্জীবন এবং ১০ আসামি খালাস পেয়েছেন।

ফেনী সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায়