ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

বাংলা কিউআরে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে টাকা জমা হবে তাৎক্ষণিক

বাংলা কিউআরে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে টাকা জমা হবে তাৎক্ষণিক। দেশে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও জনপ্রিয় করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো অঙ্কের পেমেন্ট করা হলে সেই অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্ট বা ব্যবসায়ীর হিসাবে জমা দিতে হবে। ফলে পেমেন্ট গ্রহণের পর অর্থ হিসাবের মধ্যে জমা হওয়ার জন্য ব্যবসায়ীদের আর অপেক্ষা করতে হবে না।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও গ্রাহকবান্ধব করা এবং ব্যবসায়ীদের এ পদ্ধতিতে পেমেন্ট গ্রহণে উৎসাহিত করাই নতুন নির্দেশনার অন্যতম উদ্দেশ্য।এদিকে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়াতে মার্চেন্ট পয়েন্টে একক কিউআর ব্যবস্থার দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আগের নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআরের পরিবর্তে মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে। ফলে একটি বাংলা কিউআর ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহক পেমেন্ট করতে পারবেন।অর্থাৎ, দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানে শুধু কোনো একটি ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর ব্যবস্থার ওপর নির্ভর না করে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানকারীর গ্রাহকের কাছ থেকে পেমেন্ট গ্রহণের সুযোগ তৈরি হচ্ছে।ডিজিটাল পেমেন্ট আরও সহজ করতে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মোবাইল অ্যাপের হোমপেজে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।আগামী ১ অক্টোবরের মধ্যে অ্যাপের হোমপেজের নিচের মাঝামাঝি অংশে, ব্যবহারকারীর বুড়ো আঙুল সহজে পৌঁছাতে পারে এমন জায়গায় বাংলা কিউআর পেমেন্টের আইকন রাখতে হবে। এতে গ্রাহকদের একাধিক মেনুতে গিয়ে কিউআর পেমেন্টের অপশন খুঁজতে হবে না।বাংলা কিউআর ব্যবহারে আরও একটি সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমন ব্যবস্থা চালু করতে হবে, যাতে গ্রাহক কিউআর কোড স্ক্যান করার পাশাপাশি মোবাইলে সংরক্ষিত কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট করতে পারেন।একই সময়সীমার মধ্যে কার্ডধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহককে নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা দিতে হবে।বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে কিউআরভিত্তিক লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে মার্চেন্টের হিসাবে অর্থ তাৎক্ষণিক জমা হওয়ার কারণে ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুবিধাও বাড়বে। কেন্দ্রীয় ব্যাংকের এসব উদ্যোগের মাধ্যমে নগদনির্ভর লেনদেন কমিয়ে দেশে ডিজিটাল ও আন্তঃব্যবহারযোগ্য পেমেন্ট ব্যবস্থা আরও বিস্তৃত করার চেষ্টা করা হচ্ছে।

বাংলা কিউআরে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে টাকা জমা হবে তাৎক্ষণিক