ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

মুন্সিগঞ্জে ভুয়া র‍্যাব সদস্য আটক, খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ উদ্ধার বিভিন্ন সরঞ্জাম

মুন্সিগঞ্জে ভুয়া র‍্যাব সদস্য আটক, খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ উদ্ধার বিভিন্ন সরঞ্জাম। মুন্সিগঞ্জের শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, দুটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও ইলেকট্রিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর উপজেলার ছনবাড়ী-ইছাপুরা সড়কের হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে আনোয়ারের অটো গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, র‍্যাবের পরিচয় ব্যবহার করে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটকের পর তার কাছ থেকে স্বর্ণ লুটের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। পরে ওই এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল থামানোর চেষ্টা করে ডিবি পুলিশ।এ সময় মাইক্রোবাসে থাকা একজন র‍্যাবের কটি পরা অবস্থায় নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং সঙ্গে থাকা ওয়াকিটকি দেখান। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়।আটক ব্যক্তিদের মধ্যে দুইজন চাকরিচ্যুত সেনাসদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, তিনটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাফ, র‍্যাবের লোগোযুক্ত তিনটি ভুয়া পরিচয়পত্র ও একটি ইলেকট্রিক শক মেশিন জব্দ করা হয়।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সিগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে স্বর্ণ লুটের পরিকল্পনা ছিল তাদের।এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীনগর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 

মুন্সিগঞ্জে ভুয়া র‍্যাব সদস্য আটক, খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ উদ্ধার বিভিন্ন সরঞ্জাম