ডিবি পরিচয়ে আইনজীবীকে তুলে নেওয়ার অভিযোগ, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার
মিথ্যা মামলায়, ডিবি পরিচয়ে আইনজীবীকে তুলে নেওয়ার অভিযোগ, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার এবং আদালতে প্রেরণ। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসা থেকে ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লাকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বজন ও সংশ্লিষ্টরা।অভিযোগ অনুযায়ী, ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লায় নিজ বাসা থেকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লাকে নিয়ে যান। এ সময় তাঁকে বলা হয়, পুলিশ সুপার (এসপি) তাঁর সঙ্গে কথা বলবেন। তবে পরে তাঁকে ছেড়ে না দিয়ে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।প্রাপ্ত নথির তথ্য অনুযায়ী, ফতুল্লা থানার এফআইআর নং-৮৩, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৭০৯-এর মামলায় সাইফুল ইসলাম মোল্লাকে আসামি করা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯, ১০, ১১ ও ১২ ধারা উল্লেখ রয়েছে। নথিতে তাঁর গ্রেপ্তারের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬ দেখানো হয়েছে এবং পরবর্তী কার্যক্রম হিসেবে তাঁকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর তথ্য রয়েছে।নথিতে অ্যাডভোকেট সাইফুল ইসলামের বয়স ৫০ বছর উল্লেখ করা হয়েছে। সেখানে তাঁর বিভিন্ন সাংগঠনিক পরিচয়ও উল্লেখ রয়েছে। তাঁর স্থায়ী ঠিকানা বরিশালের হিজলা উপজেলার হরিনাতপুর এবং বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের কুতুবপুর এলাকায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।এদিকে, সাইফুল ইসলাম মোল্লার স্বজন ও সংশ্লিষ্টদের অভিযোগ, কোনো নোটিশ বা স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের দাবি, মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।