ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত, বিদ্যালয়ে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত, বিদ্যালয়ে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা। মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি,  আসরাফ উদ্দিন হিল্লোলসুনামগঞ্জের মধ্যনগরে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষর জাল, সরকারি বরাদ্দের অর্থ ও উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং বিদ্যালয়ের বিভিন্ন খাতে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ও জামায়াত নেতা আলী হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্তে বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত আলী হোসেন ও পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে পাননি তদন্ত কর্মকর্তা।বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়ের নির্দেশে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে তদন্তে যান সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। তবে আগে থেকে অবহিত করা হলেও তদন্তের সময় অভিযুক্ত আলী হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া উপস্থিত ছিলেন না। এ ঘটনায় তদন্ত কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।অভিযোগের সূত্রপাত গত ৭ নভেম্বর। ওই দিন প্রতিষ্ঠানটির সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ মো. শাহীন উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, ২০২৪ সালের ৩১ অক্টোবর বিদ্যালয়ে যোগদানের পর থেকে পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও সংরক্ষিত মহিলা সদস্য জবেদা খাতুনকে বিদ্যালয়ে আসতে কিংবা কোনো সভায় অংশ নিতে দেখেননি। অথচ তাঁদের অনুপস্থিতিতেই স্বাক্ষর জাল করে বিভিন্ন সভার কার্যবিবরণীতে উপস্থিতি দেখানো হয়েছে। এসব কার্যবিবরণী আলী হোসেন নিজ হাতে লিখেছেন বলেও অভিযোগ করেন তিনি। অধ্যক্ষের দাবি, সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া আলী হোসেনের আপন মামা এবং সংরক্ষিত মহিলা সদস্য জবেদা খাতুন তাঁর আপন বোন।অধ্যক্ষের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা উত্তোলন ও ব্যবহারে অনিয়ম হয়েছে। তাঁর দাবি, স্বাক্ষর জাল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রত্যয়ন নেওয়ার পর ধর্মপাশা হিসাবরক্ষণ কার্যালয়ের মাধ্যমে টাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের রেজুলেশন বইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগও তোলেন তিনি।তবে ৫০ হাজার টাকা উত্তোলন ও ব্যয়ের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ের অফিস সহকারী সুমন মিয়া। তাঁর দাবি, অধ্যক্ষ মো. শাহীন উদ্দিনের নির্দেশে ধর্মপাশা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে ভ্যাট বাদ দিয়ে ৪৫ হাজার টাকা উত্তোলন করেন তিনি। এর মধ্যে ১০ হাজার টাকা আলী হোসেনকে দেওয়া হয় এবং বাকি টাকা অধ্যক্ষের উপস্থিতিতে স্কয়ার সায়েন্টিফিক কোম্পানির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই কোম্পানি থেকে কেনা বৈজ্ঞানিক সরঞ্জাম এখনো প্রতিষ্ঠানে সংরক্ষিত রয়েছে।অন্যদিকে, বিদ্যালয়ের অফিসকক্ষের আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগও করেছেন অধ্যক্ষ। তাঁর দাবি, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে আলী হোসেন এ কাজ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।অভিযোগের বিষয়ে জামায়াত নেতা আলী হোসেন বলেন, যিনি তদন্ত করতে এসেছেন, বিধি অনুযায়ী তাঁর এ তদন্ত করার এখতিয়ার নেই। তিনি আরও দাবি করেন, আগের অভিযোগের বিষয়ে ব্যাংক লেনদেনের তথ্য যাচাই করা হয়েছে এবং প্রতিষ্ঠানের হিসাব থেকে ব্যক্তিগত হিসাবে উপবৃত্তির অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করা হয়েছে। ট্রাস্টের অর্থ লেনদেনের হিসাব গভর্নিং বডির সভাপতি ও পরিচালনা পর্ষদ নেবে বলেও জানান তিনি। তদন্তের দিন উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে ব্যক্তিগত কাজে সিলেটে অবস্থান করছেন বলে জানান আলী হোসেন।এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়ার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।তদন্ত কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযোগের তদন্ত করতে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। তবে সেখানে অভিযুক্ত আলী হোসেন ও সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে পাওয়া যায়নি। তদন্তের বিষয়ে খুব শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, অভিযোগটি তাঁর কাছে জমা হওয়ায় তিনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিনিধি হিসেবে তদন্তে পাঠিয়েছেন। তিনি চাইলে যেকোনো কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে পারেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ৫ অক্টোবর অর্থ আত্মসাৎ, পুরোনো রশিদ গোপনসহ একাধিক অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাহীন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার আগেও তিনি লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্ট ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন।

স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত, বিদ্যালয়ে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা