ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

মধ্যনগর-কলমাকান্দা সংযোগ সড়ক ১২ মাস চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

মধ্যনগর-কলমাকান্দা সংযোগ সড়ক ১২ মাস চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধনমধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি, আশরাফ উদ্দিন হিল্লোল। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর থেকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন এবং সারা বছর যানবাহন চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মাত্র ৪ থেকে ৫ কিলোমিটার সড়ক উঁচু করে নির্মাণ করা হলে দুই উপজেলার মধ্যে সারা বছর যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার এলাকাবাসীর উদ্যোগে মধ্যনগর বাজারের পশ্চিম পাশের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, কৃষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার মধ্যে সংযোগ স্থাপনের জন্য প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্ষা মৌসুমে নিচু এলাকার কারণে সড়কটি পানিতে তলিয়ে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে দীর্ঘদিন ধরে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।বক্তারা আরও বলেন, সড়কটি উঁচু করে নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং পানিপ্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করতে হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। তাই জনস্বার্থ বিবেচনায় সড়কটির উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তাঁরা।এ সময় নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কটি ১২ মাস চলাচলের উপযোগী করার আহ্বান জানান।মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার, চিকিৎসক ডা. মুক্তাদির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও মহিবুর রহমান মানিক, মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সাধারণ সম্পাদক আলামিন তালুকদার, হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা সভাপতি সাংবাদিক আশরাফ উদ্দিন হিল্লোল, সাংবাদিক সুরঞ্জন, আতাউর বাশার ও অমৃত সামন্ত, উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল নোমান, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মনোয়ার হোসেন মুন্না ও চয়ন দেবনাথ এবং মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে সড়কটি নির্মাণ ও সংস্কারের মাধ্যমে মধ্যনগর-কলমাকান্দা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

মধ্যনগর-কলমাকান্দা সংযোগ সড়ক ১২ মাস চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন