ফেনীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু
ফেনীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু। মোহাম্মদ শামীম হোসেন, ফেনী। ফেনী জেলার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার সঙ্গে পরিচিত করে তুলতে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে ফেনী এলজিইডি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর প্রশাসক নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।প্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকদের আধুনিক সংবাদ পরিবেশন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সংবাদ ও তথ্যের সত্যতা যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সংবাদ পরিবেশনে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং অপতথ্য ও গুজব শনাক্ত করার ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তিন দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সংবাদ তৈরি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় আরও সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে ফেনীর সাংবাদিকেরা আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, তথ্য যাচাই এবং মানসম্মত সংবাদ পরিবেশনে আরও দক্ষ হয়ে উঠবেন। এর ফলে স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সাংবাদিকতা চর্চা আরও সমৃদ্ধ হবে।