সাংবাদিকদের ওপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান,সভাপতি আহমেদ আবু জাফর
সাংবাদিকদের ওপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বাকেরগঞ্জ, ৫ অক্টোবর ২০২৬ দেশের সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায়-অবিচার, হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।রবিবার সন্ধ্যায় বরগুনা থেকে ফেরার পথে বাকেরগঞ্জে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা ও হয়রানির অভিযোগের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংগঠনের নেতাকর্মীদের আরও সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার নিয়ে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি, মামলা-হামলা কিংবা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।বৈঠকে বরগুনায় দৈনিক কালবেলার প্রতিনিধি আসাদ সবুজের নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং হ্যান্ডকাফ পরানোর ঘটনাসহ হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।এ ছাড়া গাজীপুরের সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর নির্যাতনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ৮ নভেম্বরের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান আহমেদ আবু জাফর।বৈঠকে সংগঠনের বাকেরগঞ্জ শাখার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। সকলের অংশগ্রহণে দ্রুত শাখা কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কেন্দ্রীয় নেতা রাহাদ সুমন, বাকেরগঞ্জ শাখা কমিটির সভাপতি জিয়াউল হক আকন, আরেফিন ফিরোজসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।