স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকছে না
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকছে না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন ও বিধি সংশোধনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি।সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন ও বিধি সংশোধনের অংশ হিসেবে এসব প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এর ফলে প্রস্তাবটি আইন হিসেবে অনুমোদিত হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ কোনো প্রার্থীকে ন্যূনতম এসএসসি, এইচএসসি বা অন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার সনদ দেখানোর শর্ত রাখা হয়নি।তবে শিক্ষাগত যোগ্যতার শর্ত না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অন্যান্য আইনগত যোগ্যতা ও অযোগ্যতার বিধান থাকবে। নির্বাচন কমিশনের প্রস্তাবে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিসহ কিছু শ্রেণির ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য করার বিষয়ও রাখা হয়েছে। হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলের প্রস্তাবও রয়েছে।এর আগে জুলাইয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তখন পর্যন্ত কমিশন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।তবে বর্তমানে যে সংশোধনী প্রস্তাব করা হয়েছে, তাতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কোনো বিধান রাখা হয়নি। সংশ্লিষ্ট সংশোধনী সংসদে পাস হয়ে আইন হিসেবে কার্যকর হওয়ার পরই বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে। সংশোধনী পাস না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে ২০২৬ সালে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ-সংক্রান্ত সংশোধনী আইন প্রণয়নের কার্যক্রমও সরকারি তালিকায় রয়েছে।