ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে রিট দাখিল

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে রিট দাখিল। প্রতিনিধি, দেলোয়ার হোসেন। ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। বিচারাধীন মামলার একজন বন্দীকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার অভিযোগকে বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সংগঠন দুটির পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন (নং ১৫৯৭৫) দাখিল করা হয়। রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ঝিনাইদহ কারাগারের জেল সুপারকে।রিট দাখিল শেষে বিকেল ৩টায় হাইকোর্ট এলাকার সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহের সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীন টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুন্ডুকে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁর দাবি, বিচারাধীন একজন সাংবাদিককে এভাবে কনডেম সেলে রাখা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের পরিপন্থী। এ ঘটনায় প্রতিকার চেয়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে সংগঠন দুটি।তিনি আরও জানান, এ বিষয়ে গত ১ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নোটিশের পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রিট পিটিশন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়।বিএমএসএফের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, বাংলাদেশের কারা আইন ও জেল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দীদের পৃথকভাবে রাখার বিধান রয়েছে। সাংবাদিক অরিত্র কুন্ডু বিচারাধীন মামলার বন্দী হওয়ায় তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার আইনগত সুযোগ নেই বলে তিনি দাবি করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন তাঁরা।প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়াম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নাজির হোসেনসহ ঢাকা মহানগরের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ এবং এ বিষয়ে সংগঠন দুটির আইনি পদক্ষেপকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা, বন্দীদের আইনগত অধিকার ও কারা ব্যবস্থাপনার স্বচ্ছতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে অভিযোগের বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য এবং হাইকোর্টের পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে রিট দাখিল