৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ
৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা এবং এসব দাবি বাস্তবায়নের জন্য জনসম্পৃক্ততা বাড়ানোই লংমার্চের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের তিস্তা নদীকেন্দ্রিক সমস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।লংমার্চকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ছয় দফা দাবি সামনে রাখা হয়েছিল। রংপুরমুখী কর্মসূচিতে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত হওয়ায় এবার দাবির সংখ্যা আটটিতে দাঁড়িয়েছে।ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন স্থানে পথসভা করার কর্মসূচি রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।লংমার্চকে ঘিরে জোটের পক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিটি এবারের লংমার্চে বিশেষ গুরুত্ব পেয়েছে। জাতীয় বিভিন্ন দাবির পাশাপাশি তিস্তা নদী ও উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিকে সামনে এনে রংপুরমুখী এই কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।