১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়ন
৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ও ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে । মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুরুত্বপূর্ণ দিবসগুলোকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । এদিকে, জেলা পুলিশের পাশাপাশি ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন করা হয়েছে। তারা জেলার গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা, গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম আগামী ১৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে ।